শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) মাদক বিরোধী অভিযানে অংশ নেওয়ার পর আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী। শুক্রবার রাতে শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত দুই বিজেপি কর্মীর নাম দিলীপ গুপ্তা ও বিনোদ সাউ। তাঁরা বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri Hospital) চিকিৎসাধীন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় বিজেপির ৫ নম্বর মণ্ডলের পক্ষ থেকে একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযোগ, অভিযান শেষ করে রাতে বাড়ি ফেরার পথে ওই দুই বিজেপি কর্মীকে একা পেয়ে ঘিরে ধরে এলাকার মাদক ব্যবসায়ীরা। এরপর তাঁদের ওপর রড ও লাঠিসোটা নিয়ে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার জেরে রক্তাক্ত ও গুরুতর আহত হন দিলীপ ও বিনোদ। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন।
শনিবার সকালে শিলিগুড়ি ফিরেই সোজা জেলা হাসপাতালে ছুটে যান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ (BJP MLA Shankar Ghosh)। তিনি চিকিৎসাধীন দুই বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আক্রান্তদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।
ঘটনাকে কেন্দ্র করে টিকিয়াপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই হামলার পেছনে যুক্ত মাদক পাচারকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
