শিলিগুড়ি: পাহাড়ের চা বাগানগুলির নানা সমস্যা নিয়ে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক (Assembly) ডাকলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। আগামী ৩ এপ্রিল শিলিগুড়ির (Siliguri) স্টেট গেস্ট হাউসে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। পাহাড়ের আটটি চা শ্রমিক সংগঠন এবং বাগানের মালিকপক্ষকে নিয়ে মন্ত্রী আলাদাভাবে বৈঠক করবেন।
বর্তমানে পাহাড়ে বনসাল গোষ্ঠীর ছ’টি বাগান সহ অন্তত ১০টি চা বাগান বন্ধ রয়েছে। পাশাপাশি গতবছরের পুজো বোনাস নিষ্পত্তি না হওয়া, বাগানের শ্রমিকদের দখলে থাকা সম্পূর্ণ জমির পাট্টা দেওয়া সহ শ্রমিকপক্ষের বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। সেগুলি নিয়েও বৈঠকে আলোচনা হবে। শ্রম দপ্তর সূত্রে খবর, ওই বৈঠকে স্বীকৃত আটটি শ্রমিক সংগঠনকে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
