উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এদিনই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগের চিঠিতে তিনি অত্যন্ত সুন্দর পরিবেশে কাজ করতে পারার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রীসভার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন তাঁর কাছে অমূল্য, এবং তিনি তাঁর দায়িত্ব পালনকালে অনেক কিছু শিখেছেন।
৭৪ বছর বয়সী ধনখড় গত ২৫ জুন নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের স্বর্ণজয়ন্তী অনুষ্ঠানে আচমকা অসুস্থ হয়ে পড়েন । অনুষ্ঠানের পর মঞ্চ থেকে নেমে এসে প্রাক্তন সাংসদ ও উত্তরাখন্ড হাইকোর্টের আইনজীবী মহেন্দ্র সিংপালের সঙ্গে কথা বলার মাঝেই অসুস্থ হয়ে পড়েন উপরাষ্ট্রপতি। এরপর মহেন্দ্র সিং পালের কাঁধে হাত দিয়ে অবশেষে দ্রুত অনুষ্ঠান ছাড়েন তিনি। ওই দিনই রাত দুটো নাগাদ তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণেই আছেন তিনি।
২০২২ সালে অগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড়। বিরোধীদের সর্বসন্মত প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি হন তিনি। তার আগে পশ্চিবঙ্গের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। সোমবারও রাজ্যসভায় অধ্যক্ষ হিসাবে অধিবেশন পরিচালনা করেন ধনখড়। আর রাতেই ইস্তফার কথা জানালেন তিনি।
