শিলিগুড়ি: নেশার টাকার জন্য অশান্তি এবং তার জেরে বাবার হাতে ছেলের মৃত্যু। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির নরেশ মোড় সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম নিমাই পাল (২৬)। এই ঘটনায় অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করেছে আশিগড় ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নিমাই পাল দীর্ঘ দিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই বাড়িতে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত সে। গতকাল সন্ধ্যায় নিমাই তার মায়ের কাছে নেশার জন্য টাকা চায়। মা টাকা দিতে অস্বীকার করলে নিমাই তাঁকে বেধড়ক মারধর শুরু করে।
স্ত্রীকে বাঁচাতে এবং ছেলেকে থামাতে ঘটনাস্থলে পৌঁছান বাবা নীলকান্ত পাল। বাবা ও ছেলের মধ্যে প্রবল হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে নীলকান্ত পালের সজোরে দেওয়া ধাক্কায় ছিটকে পড়ে নিমাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করা হয়েছে।
