শিলিগুড়ি: ডাবগ্রাম (১) গ্রাম পঞ্চায়েত (Dabgram) এলাকায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। তৃণমূলের পঞ্চায়েত প্রধান আরতি রায় (Arati Roy) সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
এদিন স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে প্রথমে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এরপরই পঞ্চায়েতে দুর্নীতির একাধিক অভিযোগ তুলে প্রধান আরতি রায়ের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বচসা চলাকালীন আচমকাই উত্তেজনা চরম সীমায় পৌঁছায় এবং বিজেপি কর্মীরা তৃণমূলের প্রধান ও অন্য পঞ্চায়েত সদস্যদের ওপর ডিম ছুড়তে শুরু করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police)। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকা জুড়ে এখনও পুলিশি টহল চলছে এবং এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

