শিলিগুড়ি: ঘিয়ের বালতিতে ভাসছে মরা আরশোলা (Cockroach), চারপাশে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ! শিলিগুড়ির (Siliguri) সেবক রোড এলাকার এক অত্যন্ত পরিচিত ও নামী মিষ্টির দোকানে অভিযানে গিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখে হতবাক পুরনিগমের এনফোর্সমেন্ট টিম। জনস্বাস্থ্যের চরম ঝুঁকির কথা মাথায় রেখে ঘটনাস্থলেই ওই মিষ্টির দোকানের কারখানাটি সিল করে দিয়েছেন পুর আধিকারিকরা।
শহরবাসীর স্বাস্থ্যসুরক্ষা ও খাদ্যের গুণমান সুনিশ্চিত করতে সম্প্রতি শিলিগুড়ির বিভিন্ন খাবার ও মিষ্টি তৈরির কারখানায় ধারাবাহিক নজরদারি অভিযান চালাচ্ছিল পুরনিগম। সেই সুবাদেই সেবক রোডের ওই কারখানাটিতে আচমকা হানা দেন পুর আধিকারিকরা (Meals security raid)। পরিদর্শনের সময় দেখা যায়, ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না সেখানে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, মিষ্টি তৈরির জন্য ব্যবহৃত ঘিয়ের পাত্রে মরা আরশোলা ভাসতে দেখা যায়। চরম নোংরা ও অস্বাস্থ্যকর আবহেই প্রতিদিন তৈরি হচ্ছিল বিভিন্ন আউটলেটে পাঠানো মিষ্টি।
কারখানার এমন পরিস্থিতি প্রত্যক্ষ করেই তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ গ্রহণ করেন পুরনিগমের আধিকারিকরা। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পুরো কারখানাটি সিল করে দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য সামগ্রী তৈরির ক্ষেত্রে কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে।
তবে পুরনিগমের এই অভিযানের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে শহরজুড়ে। শিলিগুড়ির অন্যতম পরিচিত মিষ্টির দোকান কীভাবে এতদিন ধরে এমন নোংরা পরিবেশে খাবার তৈরি করে আসছিল, তা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহরের অন্যান্য মিষ্টির দোকান সহ খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলোতেও দ্রুত এই ধরনের ঝটিকা অভিযান চালু রাখার জোরালো দাবি উঠেছে।

