শিলিগুড়ি: ‘গুরু’ নাচের একাধিক রিয়েলিটি শো-এ অংশ নিয়ে নজর কেড়েছেন ইতিমধ্যে। তবে বড় মঞ্চে সুযোগ না পাওয়ার আক্ষেপ এতদিন মনে লালন করছিলেন শিষ্য। অবশেষে সুযোগ এল আর সেই সফরে সঙ্গী হলেন গুরু।
‘ডান্স বাংলা ডান্স’-এ মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমার ‘আজা নাচলে’ গানে নেচে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ির (Siliguri) দুই তরুণী সুজাতা চট্টোপাধ্যায় ভট্টাচার্য ও শ্রেয়া বসু। সম্পর্কে তাঁরা গুরু ও শিষ্য। দুজনের নাচ দেখে মুগ্ধ হয়ে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। জনপ্রিয় রিয়েলিটি শো-এর মঞ্চে পরিবেশিত তাঁদের প্রথম নৃত্য সম্প্রচারিত হবে শনিবার। তার আগেই প্রোমোতে সুজাতা আর শ্রেয়ার নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

‘দিনরাত অনুশীলনের ফল’, বলছেন বাবুপাড়ার বাসিন্দা সুজাতা। ডাবগ্রামের বাসিন্দা শ্রেয়াকে নিয়ে তাঁর গর্বের শেষ নেই। শিলিগুড়ি কলেজের (Siliguri School) পড়ুয়া শ্রেয়ার পাঁচ বছর বয়সে নাচে হাতেখড়ি হয় তাঁর কাছে। শিষ্যের সঙ্গে জুটি বেঁধে এবার রিয়েলিটি শো-তে অংশ নিয়েছেন তিনি। প্রথম পরিবেশনেই বাজিমাত। মিঠুনের পাশাপাশি প্রশংসা করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ এবং কৌশানী মুখোপাধ্যায়।
দু’বছর আগে ‘ডান্স দিবানে’, ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শো-এ দর্শকদের নজর কেড়েছিলেন সুজাতা। তবে, এই প্রথমবার বাংলার শো-তে অংশগ্রহণ। তাঁর কথায়, ‘এত বড় মঞ্চে সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। দীর্ঘদিন কঠোর অনুশীলন চালিয়েছি। তারপর দুই পর্যায়ের অডিশনে সফল হয়ে মূলপর্বে সুযোগ মিলল।’

মোট ১৯ জন মূলপর্বে সুযোগ পেয়েছেন। এবার বিজয়ীর শিরোপার দিকে নজর শিলিগুড়ির দুই কন্যার। আশাবাদী শহরবাসীও।
