Shreyas Iyer | সিডনি পৌঁছোল পরিবার, চোট নিয়ে আশ্বস্ত করলেন শ্রেয়সই

Shreyas Iyer | সিডনি পৌঁছোল পরিবার, চোট নিয়ে আশ্বস্ত করলেন শ্রেয়সই

ব্লগ/BLOG
Spread the love


সিডনি: আগের থেকে ভালো আছেন। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। ক্রিকেটপ্রেমীদের এই সুখবর দিয়েছেন স্বয়ং শ্রেয়স আইয়ার। চোটের পর প্রথমবার প্রতিক্রিয়ায় নিজের চোট নিয়ে আশ্বস্ত করেছেন ভারতীয় ওডিআই দলের সহ অধিনায়ক। পাশাপাশি সামাজিক মাধ্যমে করা পোস্টে কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাঁজরে চোট। আঘাত লাগে প্লীহাতে। শরীরের ভিতরে রক্তক্ষরণের ফলে আশঙ্কা তৈরি হয়। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে আইসিইউতে ভর্তি ছিলেন কয়েকদিন। আপাতত আইসিইউ থেকে জেনারেল বেডে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, চিকিৎসকরাও জানিয়েছেন, শ্রেয়সের শারীরিক অবস্থা স্থিতিশীল।

আজ সেই কথাই জানালেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। সামাজিক মাধ্যমে শ্রেয়স লিখেছেন, ‘বর্তমানে আমি চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। প্রতিদিনই সুস্থ হয়ে উঠছি। কঠিন সময়ে প্রচুর শুভেচ্ছা, সমর্থন পেয়েছি। আমার কাছে যার গুরুত্ব অপরিসীম। পাশে থাকার জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।’

অপরদিকে, বুধবারই সিডনিতে পৌঁছে গিয়েছে শ্রেয়সের পরিবারও। সিডনিতে পা রেখে সোজা হাসপাতালে। শ্রেয়সের সঙ্গে লম্বা সময় কাটান পরিবারের সদস্যরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রেয়সের সুস্থতার খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রেয়সের বোন শ্রেষ্ঠা আইয়ার।

তৃতীয় ওডিআই ম্যাচে হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরে মাটিতে পড়ার সময় পাঁজরে চোট পান। শরীরের ভিতরে রক্তক্ষরণও হয়। চিকিৎসকদের কথায়, এই ধরনের চোট খুব বিরল। তবে চিন্তার কিছু নেই। সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, টি২০ সিরিজ শেষে শ্রেয়সকে নিয়েই দেশে ফিরতে চান। বোর্ড বা মেডিকেল টিমের তরফে অবশ্য এখনও এই ব্যাপারে কিছু জানানো হয়নি। একইভাবে চোট সারিয়ে কবে শ্রেয়স মাঠে ফিরবেন, তা নিয়েও থাকছে সংশয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *