উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েও পিছপা হতে নারাজ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা (Sheikh Hasina Return to Dhaka)। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ফাঁসির সাজার পরোয়া করেন না তিনি এবং সংকটজনক পরিস্থিতিতে দেশবাসীর পাশে দাঁড়াতে যে কোনো মূল্যে আগামী ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান। ২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলনপর্বে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিলেও তিনি আইনি লড়াই ও আদালতের মুখোমুখি হওয়ার বিষয়ে সম্পূর্ণ অবিচল রয়েছেন।
সাক্ষাৎকারে মুজিব-কন্যা স্পষ্ট জানিয়েছেন, দেশের এই কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়ানোর তীব্র আকাঙ্ক্ষাই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তাঁর কথায়, তিনি আইনের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত, তবে বিচারপ্রক্রিয়া অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং তা কোনো পূর্বনির্ধারিত রায়ের ভিত্তিতে হওয়া উচিত নয়। বিগত দু’বছরের বেশি সময় ধরে বিদেশে অনুপস্থিত থাকার জেরে দেশে তাঁর দল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর চলা রাজনৈতিক নিপীড়ন ও নিষেধাজ্ঞার বিষয়টিও তাঁর প্রত্যাবর্তনের অন্যতম বড় কারণ বলে উল্লেখ করেছেন তিনি।
হাসিনা পরিষ্কার করে দিয়েছেন যে, তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের উদ্দেশ্য কোনোমতেই ক্ষমতা পুনরুদ্ধার করা নয়; বরং অনুগামীদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ করে দেওয়া। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপির সরকারের সঙ্গে কোনো রকম গোপন সমঝোতার পথে হাঁটবেন না জানিয়ে তিনি বলেছেন, পর্দার আড়ালে কোনো চুক্তি করে তিনি দেশে ফিরবেন না। তবে দল বা নেতারা একসঙ্গে নাকি ধাপে ধাপে ফিরবেন, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি জানান যে সাংগঠনিক পরিস্থিতি বিবেচনা করেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে শেখ হাসিনা জানান, তিনি এর আগে একাধিকবার জেল খেটেছেন, ১৯ বার ঘাতকবাহিনীর হামলার মুখে পড়েছেন এবং তাঁর গোটা পরিবারকে হত্যা করা হয়েছে। এত কিছুর পরও বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ফেলে তিনি দেশের বাইরে থাকতে পারেন না। ন্যায়বিচারের পরিসর সঙ্কীর্ণ হয়ে আসার কথা উল্লেখ করে তাঁর বার্তা— আদালতে তাঁকে হাজিরের সুযোগ দেওয়া হোক, আইনজীবীদের কাজ করতে দেওয়া হোক এবং সাক্ষ্যপ্রমাণের মাধ্যমেই আসল সত্য সামনে আসুক।

