Sheikh Hasina | শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও ভারতের অবস্থান, জল্পনা তুঙ্গে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডিসেম্বর মাসেই কি তবে শেখ হাসিনা (Sheikh Hasina) ফিরছেন ঢাকায়? প্রতিবেশী দেশের রাজনৈতিক আঙিনায় এই জল্পনা এখন তুঙ্গে। ২০২৪ সালের অগাস্ট মাসে যে কায়দায় তিনি সামরিক বিমানে চড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, ঠিক একই পথে তাঁকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকেই দায়িত্ব নিতে হবে—এমন দাবিই ঘুরছে পদ্মাপারের সংবাদমাধ্যমে। পাশাপাশি, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের আইনি সুযোগ দেওয়ার শর্তও নাকি রাখা হয়েছে নয়াদিল্লির তরফ থেকে। এই পরিস্থিতিতে সমগ্র বিষয়টিতে অবশেষে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।

শুক্রবার আয়োজিত সাংবাদিক বৈঠকে হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গটি উত্থাপিত হলে মুখপাত্র পরিষ্কার জানান যে এটি সম্পূর্ণভাবে একটি আইনি বিষয়। আইনি প্রক্রিয়া মেনেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। সাম্প্রতিক সময়ে ঢাকাতে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) কনসুলার বৈঠকটি স্থগিত হয়ে গেলেও, তা দুই পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানান, “বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। তাই বাণিজ্য, রেলপথ, জলসম্পদ ও সীমান্ত ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।”

এদিকে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উত্তাল রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে। কুষ্টিয়ায় এনসিপি’র যুগ্ম আহ্বায়ক তথা সাংসদ নুসরাত তাবাসসুমের বাসভবনে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পেছনে সরাসরি আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের দিকে আঙুল তুলছেন অনেকে। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দাবি, রাজনৈতিক হিংসা নয়, বরং শর্টসার্কিটের কারণেই ওই আগুন লেগে থাকতে পারে। সব মিলিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *