উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে না ফেরার দেশে চলে গিয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। গত বুধবার সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর থেকেই উত্তাল রাজ্যের রাজনৈতিক মহল। অজিত পাওয়ারের উত্তরসূরি হিসেবে (Maharashtra Deputy CM) এবার তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকে (Sunetra Pawar) বেছে নিয়েছে এনসিপি (NCP)। তবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাওয়ার পরিবারের কোনও মতামত নেওয়া হয়নি বলে বিস্ফোরক দাবি করেছেন এনসিপি-এসপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)।
বারামতীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার স্পষ্ট জানান, সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। এমনকি শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের খবরও তিনি সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছেন। পরিবারের কেউ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়েও তিনি কোনও সদুত্তর দেননি। তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট যে, ভাইপো অজিত পাওয়ারের অকাল প্রয়াণ ঘটলেও পারিবারিক ও রাজনৈতিক দূরত্ব এখনও ঘোচেনি।
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে অজিত পাওয়ার কাকার হাত ছেড়ে এনসিপি ভেঙে আলাদা দল গড়েছিলেন। তবে সম্প্রতি জানা গিয়েছে, শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের মধ্যে বরফ গলতে শুরু করেছিল। গত ১৭ জানুয়ারি দুই নেতার মধ্যে একটি গোপন বৈঠক হয়, যেখানে আগামী ১২ ফেব্রুয়ারি দুই গোষ্ঠী মিলে যাওয়ার পরিকল্পনা ছিল। এনসিপি নেতা অঙ্কুশ কাকাদের মতে, অজিত পাওয়ার চেয়েছিলেন গত ১২ ডিসেম্বর তাঁর কাকার জন্মদিনে একটি ‘পুনর্মিলনের উপহার’ দিতে। কিন্তু নির্বাচনি ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি।
অজিত পাওয়ারের এই অকাল মৃত্যু সেই পুনর্মিলনের স্বপ্নকে চিরতরে অসম্পূর্ণ রেখে দিল। মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে লিয়ারজেট ৪৫ বিমানটি দুর্ঘটনায় পড়লে অজিত পাওয়ার সহ ৫ জন প্রাণ হারান। রাজনীতির ময়দানে সুনেত্রা পাওয়ারের এই নতুন সফর মহারাষ্ট্রের সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
