উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনৈতিক পট পরিবর্তনের আবহে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন (Shantanu Sen)। বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি পাঠিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে শান্তনু স্পষ্ট করেছেন, সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতি ও আরজি কর-কাণ্ডের (RG Kar Case) প্রেক্ষিতে মানুষের রায়কে মাথা পেতে নিয়েই তিনি এই পদ ছাড়লেন।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় একসময় তাঁকে সাসপেন্ড ও মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও পরে তিনি সেই পদ ফিরে পান। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শান্তনুকে বিভিন্ন ইস্যুতে ‘বেসুরো’ শোনা যাচ্ছিল। বিশেষ করে রাজ্যে নতুন বিজেপি সরকারকে অভিনন্দন জানানো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে সমাজমাধ্যমে তাঁর পোস্ট রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছিল। বুধবার তিনি আরজি কর তদন্তে নতুন সরকারকে সহযোগিতার বার্তাও দিয়েছিলেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শান্তনু সেন বলেন, ‘‘অনেক অনৈতিক কাজকে দলের মুখপাত্র হিসেবে সমর্থন করতে হয়েছিল, যা আমার মন সায় দেয়নি। বিধানসভা নির্বাচনের ফল থেকেই স্পষ্ট, আরজি কর-কাণ্ড কিংবা চাকরি চুরির মতো দুর্নীতি মানুষ মেনে নেয়নি। মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, তাই সেই রায় মাথা পেতে নেওয়াই শ্রেয়।’’
চিঠিতে তিনি আরও লিখেছেন, দলের জন্মলগ্ন থেকে অনুগত সৈনিক হিসেবে কাজ করেছেন ঠিকই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলের মুখপাত্র হিসেবে এই দুর্নীতিগুলিকে সমর্থন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। তবে শান্তনুর এই ইস্তফা দলনেত্রী গ্রহণ করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘদিনের দলীয় সহকর্মীর এই সিদ্ধান্তে তৃণমূলে অস্বস্তি বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
