উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে এবার পুলিশের জালে কলকাতার অন্যতম প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল (Shams Iqbal)। রাজনৈতিক মহলে তিনি কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই নিয়ে বিভিন্ন অভিযোগে কলকাতা পুরসভার (Kolkata Municipal Company) মোট ১০ জন কাউন্সিলরকে গ্রেপ্তার (Arrested) করা হল।
পুলিশ সূত্রের খবর, ২০২৩ সালের জুন মাসের একটি ঘটনার পরিপ্রক্ষিতেই এই পদক্ষেপ। মেটিয়াবুরুজের বাসিন্দা, ৩৩ বছর বয়সী মহম্মদ শাদাব নামে এক ব্যক্তি সম্প্রতি গার্ডেনরিচ থানায় (Backyard Attain Police Station) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০২৩ সালে শামস ইকবাল ও তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী মহম্মদ ফরাজ এবং ফিরোজ কুরেশি তাঁকে ও তাঁর পরিবারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখান। শুধু তাই নয়, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে নগদ ৭০ লক্ষ টাকা তোলাবাজি করা হয় বলেও অভিযোগে জানানো হয়েছে।
অভিযোগ জমা পড়ার পরেই সক্রিয় হয় পুলিশ। শামস ইকবাল, মহম্মদ ফরাজ এবং ফিরোজ কুরেশির বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, অস্ত্র আইন ও খুনের হুমকির মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। রবিবার রাতে প্রথমে শামসকে আটক করে গার্ডেনরিচ থানার পুলিশ। এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এই চক্রে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

