TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয় পরাজয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস (TMC Digital Meet)। মঙ্গলবার কালীঘাটে দলের ‘ডিজিটাল যোদ্ধা’দের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরাজয়ে ভেঙে না পড়ে আগামী লোকসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার ডাক দিয়েছেন তাঁরা। পাশাপাশি, দলের আইটি সেলে বড়সড় রদবদল ঘটিয়ে নতুন কোর কমিটি গঠন করা হয়েছে।

ভোটের ফলপ্রকাশের পর থেকেই গণনায় কারচুপির যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলছিলেন, এদিনের বৈঠকেও তার প্রতিধ্বনি শোনা গেল। কর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে।” বিজেপির বিরুদ্ধে লড়াই থামবে না জানিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য দলের ডিজিটাল বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

ডিজিটাল প্ল্যাটফর্মে দলের লড়াইকে আরও সুসংহত করতে আইটি সেলের কাঠামো বদলে ফেলা হয়েছে। এতদিন এই শাখার ইনচার্জ ছিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে নতুন পুনর্গঠনে কোনও একক ইনচার্জ না রেখে একটি কোর কমিটি গড়া হয়েছে। সেই কমিটির তালিকায় প্রথম নাম উপাসনা চৌধুরীর এবং দ্বিতীয় নাম দেবাংশু ভট্টাচার্যের।

বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। রাজ্যের বাইরে ‘ইন্ডিয়া’ জোটকে আরও মজবুত করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার রণকৌশল বাতলে দেন মমতা-অভিষেক। তিন বছর পরের সেই লড়াইকে পাখির চোখ করেই এখন থেকে ডিজিটাল প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ডিজিটাল টিমের সঙ্গে আলোচনার পর এবার জেলার শীর্ষ নেতাদের তলব করেছেন তৃণমূলনেত্রী। আগামী শুক্রবার কালীঘাটে জেলা সভাপতি ও গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি। বিজেপি পরিচালিত বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা কী হবে এবং পরাজয়ের কারণ বিশ্লেষণ—সবই এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *