উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সন্দেশখালির ত্রাস হিসেবে পরিচিত শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বিরুদ্ধে জমি দখলের মামলায় চার্জ গঠন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED)। সোমবার কলকাতার ইডির বিশেষ আদালতে এই গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সন্দেশখালিতে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, জবরদখল করে বিশাল অঙ্কের সম্পত্তি গড়ে তুলেছিলেন শাহজাহান ও তাঁর সহযোগীরা। এই দুর্নীতির (Corruption Case) মাধ্যমে প্রায় ৫ কোটি টাকার ‘প্রসিড অফ ক্রাইম’ বা বেআইনি আয় শনাক্ত করেছে ইডি।
শাহজাহান শেখ ছাড়াও এই মামলায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আলমগির, শিবপ্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লার বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। মোট ৩০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হবে, যাঁদের বয়ানের ভিত্তিতে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে কেন্দ্রীয় সংস্থা।
উল্লেখ্য, সন্দেশখালি কাণ্ডে শাহজাহানের নাম প্রথম বড় করে শিরোনামে আসে ২০২৪ সালের জানুয়ারি মাসে। ইডির আধিকারিকরা যখন তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন, কেন্দ্রীয় আধিকারিকদের মার খেয়ে ফিরতে হয়েছিল শাহজাহানের ডেরা থেকে। এরপর দীর্ঘ প্রায় দু’মাস শাহজাহান পলাতক ছিলেন। পরবর্তীতে রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে, পরে আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করে সিবিআই। সিবিআই হেপাজতে থাকাকালীন ইডিও তাকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নেয়।
তদন্তকারীদের অভিযোগ, মাছের ব্যবসার আড়ালে শাহজাহান সন্দেশখালিতে একচ্ছত্র দাপট চালাতেন। স্থানীয় সাধারণ মানুষের জমি দখল করা থেকে শুরু করে তাঁদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অসংখ্য অভিযোগ জমা পড়েছে তাঁর বিরুদ্ধে। এই সমস্ত গুরুতর অভিযোগের পর তৃণমূল কংগ্রেস তাঁকে দল থেকে সাসপেন্ড করে। আজ আদালতে চার্জ গঠনের মধ্য দিয়ে সন্দেশখালির এই বিতর্কিত অধ্যায়ে নতুন মোড় এল। ইডির এই পদক্ষেপ সন্দেশখালির নির্যাতিত মানুষদের কাছে ন্যায়বিচারের আশা জাগিয়ে তুলল বলে মনে করছেন অনেকে।
