উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স যে কেবল একটা সংখ্যা, তার প্রমাণ আবারও দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। মেঙ্গালুরুর (Mangaluru) এক অনুষ্ঠানে তাঁকে সামনে পেয়ে এক অনুরাগিণী যা করলেন, তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল নেটদুনিয়ায়। নিজের আবেগের কথা জানাতে গিয়ে ওই ভক্ত যা বললেন, তাতে হাসির রোল পড়ল গোটা সভাকক্ষে।
২৫ জুন মেঙ্গালুরুর এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিং খান। সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট, চোখে রোদচশমা—চিরচেনা ‘কুল’ লুকে মঞ্চে উঠতেই উন্মাদনায় ফেটে পড়ে জনতা। তবে সব উত্তেজনা ছাপিয়ে গেল যখন এক অনুরাগিণী চেয়ারের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করেন, “আমি তোমাকে ভালোবাসি!”
পরিস্থিতি সামাল দিতে ওই অনুরাগিণীর হাতে মাইক্রোফোন তুলে দেওয়া হয়। তখন সেই ভক্ত সরাসরি শাহরুখকে বলেন, “আমি আপনাকে আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি।” এমন অদ্ভুত ও সাহসী স্বীকারোক্তিতে প্রথমে একটু থমকে গেলেও, মুহূর্তের মধ্যে নিজের স্বভাবোচিত রসবোধের পরিচয় দেন শাহরুখ। হেসে তিনি বলেন, “আরে! এই কথাগুলো তো একান্ত গোপনে বলার ছিল!”
রসিকতা করলেও, শাহরুখের উত্তরে ছিল পরিপক্কতা। তিনি পাল্টা ওই ভক্তকে বলেন, “আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। তবে আমি নিশ্চিত, তোমার স্বামীও তোমাকে ভীষণ ভালোবাসে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি, তোমার স্বামী ও পুরো পরিবারকে অনেক শুভেচ্ছা।” শাহরুখের এই অমায়িক ব্যবহার উপস্থিত হাজারো দর্শকের হৃদয় জয় করে নেয়।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে উঠে আসে এক অন্য শাহরুখ। এক ভক্ত জানতে চান, অভিনেতা না হলে তিনি কী করতেন? এর উত্তরে বাদশাহ বলেন, “মেঙ্গালুরুর মতো এত সুন্দর শহরে থাকতে পারলে আমি খুব খুশি হতাম। সম্ভবত তখন আমি একজন শিক্ষক হতাম।”
এই মুহূর্তে শাহরুখ খান তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর শ্যুটিং নিয়ে অত্যন্ত ব্যস্ত। এই ছবিতে পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুহানা খানকে (Suhana Khan)। মেঙ্গালুরুর এই অনুষ্ঠান থেকে ফেরার পথেও তাঁকে দেখার জন্য বিমানবন্দরে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। বয়সের কাঁটা যে শাহরুখের জনপ্রিয়তায় আঁচড় ফেলতে পারেনি, এদিনের ঘটনাই তার প্রমাণ।

