উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন ও যন্তর মন্তর আন্দোলনকে কেন্দ্র করে ধৃত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার (Saurabh Das Ashutosh Ranka) আইনি জটিলতা আরও বাড়ল। একদিকে আদালতের তরফ থেকে তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, অন্যদিকে তাঁদের বিরুদ্ধে রুজু হওয়া দ্বিতীয় মামলাটিও এবার হস্তান্তর করা হলো দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের (অপরাধদমন শাখা) হাতে। এর আগে সোমবার প্রথম মামলাটি ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তরিত হয়েছিল।
বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বারবার বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিজেপি (যাঁদের সমর্থকরা ‘আরশোলা’ নামেও পরিচিত)। বুধবারই দিল্লি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানির প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজ বুধাদিনই সৌরভ ও আশুতোষের অতিরিক্ত দু’দিনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদও শেষ হচ্ছে। ফলে আজই তাঁদের ফের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হবে। এমতাবস্থায় দুই নেতা আজ জেল থেকে মুক্তি পাবেন কি না, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।
দিল্লি পুলিশের পক্ষ থেকে যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে আগেই বাদ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করেই গত ১৩ অক্টোবর ব্যারিকেড টপকে সেখানে প্রবেশ করে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা সহ অন্যান্য সিজেপি নেতারা। জাতীয় পতাকা হাতে নিয়ে সেখানে স্লোগান দেন তাঁরা। এর পরেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। যদিও সেই সময় বাকিদের ছেড়ে দেওয়া হলেও সৌরভ ও আশুতোষকে মুক্তি দেওয়া হয়নি। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান এবং পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে মোট দুটি পৃথক মামলা রুজু করা হয়। ক্রাইম ব্রাঞ্চের তদন্তভার গ্রহণ এবং হাই কোর্টের আজকের শুনানির ওপরই নির্ভর করছে সিজেপি নেতাদের পরবর্তী আইনি ভাগ্য।
The submit Saurabh Das Ashutosh Ranka | সৌরভ ও আশুতোষের হেপাজতের মেয়াদ বৃদ্ধি; মামলা এবার ক্রাইম ব্রাঞ্চের হাতে, সিজেপি নেতাদের মুক্তি কি মিলবে? appeared first on Uttarbanga Sambad.
