Sandip Ghosh | আরজি কর দুর্নীতি মামলা: সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত আর্থিক অনিয়মের মামলায় অবশেষে জামিন পেলেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের জামিন খারিজের নির্দেশকে বাতিল করে তাঁকে জামিন দিয়েছে।

জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে জোরালো প্রশ্ন উঠেছিল। হাসপাতালের বিভিন্ন ফান্ড থেকে বিপুল পরিমাণ সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ আনা হয় সন্দীপের বিরুদ্ধে।

এরই প্রেক্ষিতে ২০২৪ সালের ২৪ আগস্ট কলকাতার সিবিআই (CBI)-এর দুর্নীতি দমন শাখা একটি মামলা রুজু করে। সেই মামলার ভিত্তিতে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪০৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

এর আগে আর্থিক দুর্নীতির এই মামলায় সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ দিয়েছিলেন যে, স্বাস্থ্য পরিষেবার মতো সংবেদনশীল ক্ষেত্রের অর্থ নয়ছয়ের অভিযোগ অত্যন্ত গুরুতর। এছাড়া অভিযুক্ত অত্যন্ত ‘প্রভাবশালী’ হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিল হাইকোর্ট।

হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন সন্দীপ ঘোষের আইনজীবীরা। অবশেষে শুক্রবার শীর্ষ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *