সামসী: সরকারি হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে (Physician) হেনস্তার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালতীপুর গ্রামীণ হাসপাতালে (Malatipur Rural Hospital)। ঘটনার পর কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক। রোগীর আত্মীয়ের বিরুদ্ধে পদক্ষেপ ও সঠিক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার চাঁচল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ (Police)।
মালতীপুর গ্রামীণ হাসপাতালের মহিলা চিকিৎসক অনুরাধা মৈত্র অভিযোগ করেন, বুধবার ষাটোর্ধ্ব এক রোগী ঘাড়ের ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তিনি হাসপাতালে আসলে তাকে চেকআপ করে ঘাড়ের ওষুধ দিই। তবে তিনি নিয়মিত প্রেসার ও কিডনির অসুখের ওষুধ খান বলে জানিয়েছিল তার পরিবার। সেই সময় ওই রোগীর এক মেয়ে এসে বাইরের ইনজেকশন দেওয়ার জন্য চাপ দেন। তিনি বাইরের ইনজেকশন দিতে চাননি। এরপর ইনজেকশন দেওয়ার জন্য চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি করা হয়। রোগীর পরিবারের নির্দেশে নিয়মবহির্ভূত কাজ না করায় মহিলা চিকিৎসককে অকথ্য ভাষায় গালাগালাজ এবং হেনস্তা করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে মালতীপুর গ্রামীণ হাসপাতালে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। চিকিৎসক অনুরাধা মৈত্র থানায় অভিযোগ দায়ের করেন। তবে ঘটনাকে কেন্দ্র করে রোগীর বা পরিবারের কোনও খোঁজ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু বলেন, এক মহিলা চিকিৎসকের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে দোষী সবটা সামনে আসবে তদন্তের পর।’
