উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিপাকে সোনিয়া গান্ধির জামাই তথা সাংসদ প্রিয়াংকা গান্ধির স্বামী রবার্ট বঢরা (Robert Vadra)। আর্থিক তছরুপ মামলায় (Cash Laundering Case) তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED)।
ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে। সেই মামলায় তদন্ত করতে গিয়ে রবার্ট বঢরার যোগ খুঁজে পায় ইডি। এবার দিল্লির আদালতে জমা পড়ল অভিযোগপত্র।
গত জুলাইয়ে রবার্ট বঢরাকে জেরা করে ইডি। এদিকে ওই মাসেই ইডির আবেদনে সাড়া দিয়ে বঢরা ঘনিষ্ঠ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয়কে পলাতক ঘোষণা করে আদালত। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন সঞ্জয়। ২০২০ সালে ইংল্যান্ডে তাঁকে গ্রেপ্তার করা হলেও ১.২ মিলিয়ন ডলার এবং পাসপোর্ট জমা রেখে জামিন পেয়েছিলেন তিনি। লন্ডনে গৃহবন্দি অবস্থায় থাকছিলেন। ভারত সরকার সঞ্জয়কে দেশে ফেরানোর চেষ্টা করছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তির জন্য ৪০০ কোটি টাকা বিদেশি সংস্থার কাছ থেকে পেয়েছিলেন তিনি। বিদেশে গা ঢাকা দিয়েছিলেন। দুবাইতে একাধিক সংস্থার সঙ্গে অবৈধ লেনদেন করেন বলেও অভিযোগ। ২৪-এর লোকসভা নির্বাচনে সাংসদ হতে চান রবার্ট। ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে দরবারও করেছিলেন। কিন্তু দল প্রার্থী করেনি তাঁকে।
