সামসী: ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার শিকার হলেন এক ছাগল ব্যবসায়ী। অভিযোগ, পথ আটকে ব্যবসায়ীর মাথায় হেলমেট দিয়ে আঘাত করে নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় পাঁচ দুষ্কৃতী (Theft)। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের (Chanchal) মালতীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপাড়া বাইপাসের ধারে। আহত ব্যবসায়ীর নাম আবুজার আলি, বাড়ি দামাইপুরের পূর্ব কালীগঞ্জ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ সামসী থেকে ব্যবসার টাকা নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন আবুজার। গোবিন্দপাড়া বাইপাসের কাছে পাঁচজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। বাইক থেকে নামিয়ে তাঁর নিজের হেলমেট দিয়েই তাঁকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে তাঁর কপাল ও চোখে গুরুতর চোট লাগে। ব্যবসায়ীর দাবি, হামলাকারীদের মধ্যে তিনি আফজাল হোসেন নামে এক গ্রামবাসীকে চিনতে পেরেছেন।
শুক্রবার আবুজার আলি আফজাল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ (Police)।
