সামসী: হরিয়ানার গুরগাঁও থেকে এক পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ বুধবার ফিরল নিজের গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম হারু দাস (৫৫)। সে চাঁচল-১ নং ব্লকের খরবা অঞ্চলের ডুমরাহাল গ্রামের বাসিন্দা। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে হারু দাসের পরিবার সহ প্রতিবেশীরা। মৃত শ্রমিকের পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের আর্থিক টানাপোড়েনের কারণে কাজের তাগিদে কিছুদিন আগে গুরগাঁওয়ের উল্লা মার্কেটে যান হারু দাস। সেখানেই কাজ করতে করতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন। গত সোমবার তার মৃত্যু হয়। বুধবার কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হারু দাসের স্ত্রী ছাড়াও এক মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে। তাঁর এই অকালমৃত্যুতে অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে এসে দাঁড়ান পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের সদস্য এটিএম রফিকুল হোসেন। পরিবারটিকে আগামীতে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।
