উত্তরবঙ্গ সংবাদ দিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এক হোটেল ব্যবসায়ীকে নৃশংসভাবে গুলি করে খুনের ঘটনায় (Samserganj Shootout) চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে নতুন ডাকবাংলো এলাকায় জাতীয় সড়কের পাশে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে (Murshidabad Crime)।
মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস (৩৪), বাড়ি সামসেরগঞ্জের তারবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুল আগে পাতার ব্যবসা করলেও সম্প্রতি জাতীয় সড়কের পাশে একটি নতুন হোটেল খুলেছিলেন। বুধবার রাতে তিনি যখন নিজের হোটেলেই বসেছিলেন, সেই সময় হঠাৎই অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। প্রত্যক্ষদর্শী সঙ্গীদের দাবি, খুব কাছ থেকে রাহুলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলিতে তাঁর শরীর কার্যত ঝাঁঝরা হয়ে যায়।
গুলি চলার শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই সুযোগে চিৎকার-চেঁচামেচির মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রাহুলকে উদ্ধার করে প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে (Hospital) স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়েই ফরাক্কার এসডিপিও-সহ বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। কেন এই খুন, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো কোনও শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে। তবে ব্যবসায়িক বিবাদ নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। জাতীয় সড়কের ধারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
