উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দলের অন্দরে স্বচ্ছতা বজায় রাখতে এবং ভাবমূর্তি রক্ষা করতে এবার আরও কঠোর অবস্থান নিল রাজ্য বিজেপি (BJP)। দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কড়া বার্তা পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। দুর্নীতির প্রশ্নে দল যে কোনোও অবস্থাতেই আপস করবে না, তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, সম্প্রতি দলের বিভিন্ন স্তরের কিছু কর্মীর বিরুদ্ধে কিছু ‘অনভিপ্রেত’ কর্মকাণ্ডের খবর এসে পৌঁছায় রাজ্য নেতৃত্বের কাছে। এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে একটি কড়া বার্তা পাঠিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শমীক ভট্টাচার্য। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়, দলীয় নীতির বাইরে গিয়ে যদি দলের কোনো ব্যক্তি বা পদাধিকারী অনৈতিক বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, তবে তার কোনো দায় দল নেবে না।
শমীক ভট্টাচার্যের পাঠানো বার্তায় মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে:
কঠোর ব্যবস্থা: দুর্নীতি বা অপকর্মের প্রাথমিক প্রমাণ মিললেই সংশ্লিষ্ট যে কোনো দলীয় পদাধিকারীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি এবং সাংগঠনিক পদক্ষেপ করা হবে।
ত্যাগের মর্যাদা রক্ষা: দলের ভাবমূর্তি এবং পুরোনো কর্মীদের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও পরিশ্রম যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে।
জনগণের আস্থা: কর্মীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, সাধারণ মানুষের আস্থা অর্জন এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জনসেবা চালিয়ে যেতে হবে।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে দলের ভেতর থেকে সমস্ত অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ দূর করতে এবং ভাবমূর্তি পোক্ত করতেই রাজ্য নেতৃত্বের এই অগ্রিম সতর্কবার্তা।

