সালানপুর: ফলতার পর এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুরে (Salanpur) নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। পাথর খাদান সংক্রান্ত মামলায় ধৃত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC chief) সহ সভাপতি বিজয় সিং ওরফে ভোলা সিংকে পুলিশি হেপাজতে থাকাকালীন হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটানোর ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সম্প্রতি ফলতার ‘ত্রাস’ তৃণমূল নেতা জাহাঙ্গির খানকেও রাস্তায় একইভাবে হাঁটিয়েছিল পুলিশ।
গত বৃহস্পতিবার একটি পাথর খাদান সংক্রান্ত মামলায় সালানপুর থানার পুলিশ প্রভাবশালী তৃণমূল নেতা ভোলা সিংকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালত তাঁকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। মঙ্গলবার সকালে পুলিশি হেপাজতের মেয়াদ চলাকালীনই রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ তাঁকে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে সবজি বাজার পর্যন্ত রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। এ সময় অভিযুক্তের পরনে ছিল হাফ প্যান্ট। চারধারে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। ভরা বাজারে তাঁকে এভাবে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশকে ‘চোর’ স্লোগান দিতেও শোনা যায়।
পুলিশি হেপাজতে থাকা কোনও অভিযুক্তকে এভাবে জনসমক্ষে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনা আইনত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশাসনিক মহলের একাংশ এই ঘটনাকে পুলিশের অতি-সক্রিয়তা হিসেবে দেখছে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে চাপানউতোর।
বিজেপি নেতা বাবন মণ্ডল এবং সালানপুর মণ্ডল-৪-এর সভাপতি চিন্ময় তেওয়ারি এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাঁদের দাবি, তৃণমূল নেতা ভোলা সিংয়ের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। পুলিশি এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে এলাকায় এমন দাপট দেখানোর সাহস কেউ পাবে না।
তবে এই ঘটনা নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোনও উচ্চপদস্থ আধিকারিকই মুখ খুলতে চাননি। পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সকলের।

