S Jaishankar | ‘ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদে লিপ্ত’, নাম না করে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তীব্র আক্রমণ জয়শংকরের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাষ্ট্রসংঘের (UN) মঞ্চ থেকে পড়শি দেশ পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। পাকিস্তানের নাম সরাসরি উচ্চারণ না করলেও ‘ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদে লিপ্ত’ বলে দেশটির তীব্র সমালোচনা করেন তিনি। এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) নিজেদের দেশের সামরিক পদক্ষেপের ভূয়সী প্রশংসার পাশাপাশি ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)। তারই কড়া জবাবে জয়শংকর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, সন্ত্রাসবাদকে (Terrorism) স্বাভাবিক করার এবং দায় এড়ানোর যেকোনও চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দেশের সুরক্ষার স্বার্থে ভারতের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

সন্ত্রাসবাদের প্রতি ভারতের যে জিরো টলারেন্স নীতি রয়েছে, তা জোরালোভাবে তুলে ধরে জয়শংকর বলেন, ‘যে সব দেশের সরকার সন্ত্রাসবাদে মদত দেয়, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতিতে কোনওভাবেই শিথিলতা আসা উচিত নয়।’ পাশাপাশি সন্ত্রাসবাদের আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করার এবং অর্থায়নের উৎসগুলি উন্মোচন করার উপরও বিশেষ জোর দেন তিনি। গত বছর পহেলগাঁওতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনার পর দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতো স্বাভাবিক চলতে পারে না।’ বন্ধুত্ব এবং সন্ত্রাসবাদ একসঙ্গে হাত ধরাধরি করে চলতে পারে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

পশ্চিম এশিয়া প্রসঙ্গে ভারতের পুরোনো নীতি বজায় রেখে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষেও সওয়াল করেন জয়শংকর। সেই সঙ্গে প্যালেস্টাইনের জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানান। পাশাপাশি আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা করে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি, সার এবং আর্থিক সংকট—এই চার ক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলার ওপর জোর দিয়ে তিনি গ্লোবাল সাউথের অধিকারের কথা তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং সমস্ত ক্ষেত্রে অস্ত্রকরণের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ভারতের বিদেশমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *