উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক মাস পড়েই বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে (Bihar)। এরই মাঝে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা রাজকুমার রাই ওরফে আল্লাহ রাইকে খুনের অভিযোগ উঠল (RJD Chief Shot Useless)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পাটনায় (Patna)। দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে চিত্রগুপ্তের মুন্নাচক এলাকায় আরজেডি নেতার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজকুমার। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরজেডি নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার রাজকুমারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্রের খবর, রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর।
তবে পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে আরজেডি নেতা খুন হয়েছেন। কারণ জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ছ’রাউন্ড গুলির ফাঁকা খোল উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
