RJ Priyanka | ‘আমি কারও কাছে ঘুষ নিয়েছি?’, ১৫ লক্ষ বিতর্কে ট্রোলের পালটা জবাব আরজে প্রিয়াংকার   

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) হয়ে রাজনৈতিক প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের (Social Media Influencer) মোটা অঙ্কের অর্থ প্রদানের তথ্য প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে বিজেপির দাখিল করা একটি হিসেব ঘিরে শিলিগুড়ির জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তথা আরজে প্রিয়াংকার (RJ Priyanka) নাম জড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। রাজনৈতিক দলটির তহবিল থেকে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ তুলে নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করতে শুরু করলে অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন শিলিগুড়ির বাসিন্দা এই কনটেন্ট ক্রিয়েটর।

সমালোচকদের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রিয়াংকা পালটা প্রশ্ন তুলে জানতে চেয়েছেন যে, তাঁর এমন কোনও ভিডিও বা পোস্ট সাধারণ মানুষ দেখেছেন কি না যেখানে সরাসরি কোনও রাজনৈতিক দলকে সমর্থন জানানো হয়েছে বা প্রতিপক্ষ শিবিরকে আক্রমণ করা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে, ‘আমি কারও কাছে ঘুষ নিয়েছি? না চুরি করেছি? লোকে এমন বলছে যেন রাজ্য বেচে দিয়েছি! কোন ভিডিও দেখে আপনাদের মনে হচ্ছে রাজ্য বেচে দেওয়া হয়েছে? দয়া করে জানান।’ তাঁর সাফ কথা, জনসমক্ষে তাঁকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্ররোচনামূলক। প্রিয়াংকার দাবি, বন্দে ভারত ট্রেনের সূচনা কিংবা কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত যে সমস্ত বিষয় নিয়ে তিনি ভিডিও তৈরি করেছিলেন, সেগুলিতে কেবল সরকারি উদ্যোগ ও পরিষেবার তথ্য তুলে ধরা হয়েছিল, যেখানে কোনও রাজনৈতিক দলের নাম বা প্ররোচনা ছিল না।

পাশাপাশি ভাইরাল হওয়া একটি ছবি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান যে সেটি ভোটের অনেক পরে অনুষ্ঠিত ‘বিকশিত ভারত’ কর্মসূচির অঙ্গ হিসেবে তোলা হয়েছিল। জুয়া বা বেটিং অ্যাপের মতো ক্ষতিকর প্রচার থেকে বরাবর নিজেকে দূরে রেখেছেন বলেও দাবি করেন তিনি। এর পাশাপাশি নিট পেপার লিক কাণ্ড, গ্যাস সিলিন্ডার সংকট সহ নানা জনস্বার্থের ইস্যুতে তাঁর করা প্রতিবাদী ভিডিওগুলির কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। পরিশেষে প্রিয়াংকা দাবি করেন যে, নির্বাচন কমিশনের রিপোর্টে তাঁর নামের পাশে যে ১৫ লক্ষ টাকার অঙ্কটি দেখানো হয়েছে, সেই হিসেবটিও সম্পূর্ণ ভুল। যদিও ঠিক কত টাকা পেয়েছেন, তা অবশ্য খোলসা করেননি তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *