উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) এক বছর। শনিবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছেন নির্যাতিতার মা-বাবা। ওই কর্মসূচিকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে আগামীকাল নবান্ন বা কালীঘাট অভিযানে আপত্তি জানাল কলকাতা এবং রাজ্য পুলিশ (Police)। বিক্ষোভ-প্রতিবাদের জন্য দু’টি বিকল্প জায়গার কথা বলা হয়েছে। নিয়ম অমান্য করলে কড়া পদক্ষেপের কথাও জানিয়েছে পুলিশ।
এদিন পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযানের আয়োজকরা এখনও কর্মসূচির জন্য কোনও অনুমতি চায়নি। সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টে দু’টি মামলা হয়। তার একটি মামলার রায় সম্পর্কে তারা অবগত। ‘শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার’ জানিয়ে হাইকোর্ট বলেছে, হিংসা যেন না হয়, সরকারি সম্পত্তি যাতে নষ্ট না হয়। পুলিশের বক্তব্য, রাজ্য প্রশাসন প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করতে পারে। নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তর। সেই ভবন এবং সংলগ্ন এলাকায় সবসময় উচ্চ পর্যায়ের নিরাপত্তা থাকে। তাই সেখানে প্রতিবাদ-মিছিল করা যাবে না। পরিবর্তে পুলিশ দু’টি বিকল্প জায়গার কথা বলেছে। একটি হল সাঁতরাগাছি বাসস্ট্যান্ড। অপরটি, রানি রাসমণি চত্বর।
এবিষয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার বক্তব্য, অভয়া মঞ্চের কালীঘাট অভিযান হওয়ার যে কথা ছিল, তা-ও করা যাবে না। আয়োজকদের তা জানিয়ে দেওয়া হয়েছে। তাদের জন্যেও বিকল্প জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কথায়, যে জায়গাগুলির কথা নির্দিষ্ট করে বলা হয়েছে তা বাদ দিয়ে অন্যত্র জমায়েত হলে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে।
