পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন (Homicide) করার অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। নিহতের নাম ফরহাদ বাদশা। এই ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের (Murshidabad) সদর শহর বহরমপুরের (Berhampore) বুকে।
জানা গিয়েছে, এদিন টিউশন থেকে বাড়ি ফিরে পড়তে বসেছিল একাদশ শ্রেণির ওই ছাত্র। এমন সময় তার তিন বন্ধু তাকে বাড়ি থেকে কিছুক্ষণের জন্য ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই পরিবারের লোকের কাছে ফোনে খবর এসে পৌঁছায় যে, ফারহাদকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়েছে।
এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে মৃতের মা পারভিন খাতুন বলেন, “কিছুক্ষণ আগেই আমার ছেলে দিব্যি বেঁচে ছিল, আমার সঙ্গে কত কথা বলল। বন্ধুরা ডাকছে বলে বাড়ি থেকে কিছুক্ষণের জন্য বেরলো, তারপরেই সব শেষ হয়ে গেল। ওই বন্ধুদের একমাত্র ফাঁসির সাজা চাই”। অভিযুক্তদের খোঁজে শহর জুড়ে শুরু হয়েছে নাকা তল্লাশি।

