উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদে চলছে শীতকালীন অধিবেশন। ওই অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০ লক্ষেরও বেশি ভারতীয় দেশের নাগরিকত্ব (Citizenship) ত্যাগ করেছেন। ২০২২ সাল থেকে নাগরিকত্ব ত্যাগের হার বেড়েছে। বিদেশ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, ১৪ বছরে ২০ লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজারের মধ্যে রয়েছে। কিন্তু ২০২২ সাল থেকে সংখ্যাটা ২ লক্ষে গিয়ে পৌঁছোয়।
তবে কী কারণে নাগরিকত্ব ত্যাগের হার বাড়ল, তার কোনও সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি বিদেশ মন্ত্রক (Ministry of International Affairs)।
এদিকে এই পরিসংখ্যান ধরে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে বলছেন, ভারতের মেধাবীরা উন্নত সুযোগসুবিধার জন্য পশ্চিমের দেশগুলিতে চলে যাচ্ছেন।
ভারতের মত দেশ দ্বৈত নাগরিকত্ব (একই সঙ্গে দুই দেশের নাগরিক) স্বীকার করে না। ভারতের (INDIA) অনেকেই কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সেই সব দেশের নাগরিক সুযোগসুবিধা পেতে অনেকেই সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। ফলে ভারতের নিয়ম অনুযায়ী অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের নাগরিকত্ব হারাবেন সেই ব্যক্তি।
বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী ভারতীয়রা। তাঁদের বক্তব্য, তাঁরা ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে না চাইলেও নিয়মের জন্য তা করতে বাধ্য হতে হয়।
