Religious Rakhi | দেবতার নাম লেখা নয়া ট্রেন্ড, তুঙ্গে ‘আধ্যাত্মিক’ রাখির চাহিদা

শিক্ষা
Spread the love


প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি: রেশমি সুতো, উজ্জ্বল পুঁতি, ময়ূরের পালক কিংবা কাগজের ফুলের দিন কি তবে শেষ? রাখিবন্ধন উৎসবের আগে শহরের বাজারগুলিতে চোখ রাখলে অন্তত তেমনটাই মনে হচ্ছে। কেননা, চিরাচরিত নকশার বদলে এবার বাজারের একচ্ছত্র আধিপত্য করে নিয়েছে ‘আধ্যাত্মিক’ রাখি (Religious Rakhi)। ভাই বা দাদার মঙ্গলকামনায় ঈশ্বরের আশীর্বাদ এবং সুরক্ষা কবচ হিসেবে ‘মহাদেব’, ‘বজরংবলী’, ‘ওম’ কিংবা ‘জয় শ্রীরাম’ খোদাই করা রাখি কিনতেই এবার বেশি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা।

বিধান মার্কেট, হকার্স কর্নার এমনকি পাড়ার দোকান, সর্বত্রই এমন রাখির বিপুল চাহিদা। ব্যবসায়ীদের মতে, গত বছর থেকেই বাজারে ‘জয় শ্রীরাম’ লেখা রাখির প্রভাব দেখা গিয়েছিল। তবে এ বছর তা সম্পূর্ণ নতুন এক ঝোঁক বা ‘ট্রেন্ড’-এ পরিণত হয়েছে। বিধান মার্কেটের ব্যবসায়ী রমেশ সাহা বললেন, ‘আগের বছর থেকেই মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। সেই কথা মাথায় রেখেই এবার বেশি করে ঠাকুরের নাম, ছবি বা ভক্তিমূলক রাখি আনা হয়েছে। মানুষ এটা খুব পছন্দও করছেন। আসলে সবসময়ই নতুন কিছু একটা চল তৈরি হয়, এবারও তেমনটা হয়েছে।’

নতুন এই রাখির চাহিদা এতটাই যে, অনেক দোকানে ইতিমধ্যেই জোগান শেষ। হকার্স কর্নারের রাখি বিক্রেতা অজয় আগরওয়াল জানালেন, তাঁর দোকানে বজরংবলী লেখা একটি রাখিও আর অবশিষ্ট নেই। তিনি বলেন, ‘যা রাখি তুলেছিলাম, সবই খুচরো বিক্রেতারা কিনে নিয়ে গিয়েছেন। পাঁচ-ছ’দিন আগেই সেসব শেষ হয়ে গিয়েছে।’

বিক্রেতারা জানাচ্ছেন, তরুণ-প্রবীণ, সব বয়সির পছন্দের তালিকায় রয়েছে অন্য ধারার এই আধ্যাত্মিক রাখিগুলি। ক্রেতারা রাখিকে কেবল একটি প্রথাগত সুতো হিসেবে না দেখে, নিজেদের বিশ্বাস ও আস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছেন। মহাবীরস্থানের একটি দোকানে ‘ওম’ চিহ্নের পাথরের কাজ করা রাখি কিনতে এসেছিলেন তনুশ্রী ঘোষ। তাঁর কথায়, ‘বেশ ভালোই লাগছে। এই রাখিটা অনেকটা ব্রেসলেটের মতো। এটি পরালে মনে হবে মহাদেব সবসময় ভাইয়ের সঙ্গে রয়েছেন।’

কলেজ পড়ুয়া সায়ন্তিনী রায়ও এবার দাদার জন্য ঈশ্বরের নামাঙ্কিত রাখিই খুঁজছেন। তিনি বললেন, ‘দাদাকে এমন একটা রাখি পরানোই যেতে পারে, যা দেখে মনে হবে রাখিতে ঈশ্বরের আশীর্বাদ জড়িয়ে রয়েছে। এর আগে এমন রাখি পরাইনি, তবে এ বছর পরাতেই পারি।’

সব মিলিয়ে ভক্তি, ভালোবাসা আর আধুনিক নকশার নিখুঁত মেলবন্ধনে জমজমাট শহরের রাখির বাজার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *