উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ মাছ-মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? মনে হয় একটু ভালো করে নিরামিষের পদ দিয়ে ভাত খাই? তাহলে আজকের রেসিপি আপনার জন্যে। দেখুন তো পছন্দ হয় কিনা।
১) দুধ পোলাও
উপকরণ: দেরাদুন চাল (১ কাপ), দুধ ফোটানো (দেড় লিটার), গোটা গরমমশলা (২ চামচ), স্টার অ্যানিস (৪-৫টা), কিশমিশ (১ চামচ), কড়াইশুঁটি (২ চামচ), ঘি (৪ চামচ), নুন (আধ চামচ), চিনি (স্বাদমতো), মিল্কমেড (৩ চামচ)
পদ্ধতি: প্রথমে চাল ভালো করে ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে পাত্রে ঘি গরম করে গরমমশলা ও স্টার অ্যানিস ফোড়ন দিন। গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে কড়াইশুঁটি, কিশমিশ, চাল দিয়ে অল্প নেড়ে নিন। ওর মধ্যে এবার ফুটিয়ে রাখা দুধটা দিন। নুন-চিনিও দিন। এবার পাত্রের ঢাকনা আটকে রাখুন, ঢিমে আঁচ রাখুন। ধোঁয়া বেরোতে শুরু করলে বুঝবেন পোলাও তৈরি। আঁচ থেকে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখুন। পরে ঢাকনা খুলে মিল্কমেড ছড়িয়ে পরিবেশন করুন।
২) স্বর্ণালী পনির
উপকরণ: পনির, ভাজা মসলা (ভাজা বাদাম-ধনে-জিরা-পোস্ত বীজ-সাদা তিলেরগুঁড়ো), টমেটো পিউরি, আদাবাটা, কাশ্মীরি লংকাগুঁড়ো, নারকেলের দুধ, টক দই, গরম মশলা, বাদাম, নুন-চিনি (স্বাদমতো), কাঁচা লঙ্কা, সাদা তেল, চেরি টমেটো।
পদ্ধতি: প্রথমে একটি প্যানে তেল গরম করে পনিরগুলোকে হালকা বাদামি করে ভাজুন। শুকনো লংকা ফোঁড়ন দিন, এবার এতে আদা ও কাঁচালংকা দিন। টমেটো পিউরি এবং দই যোগ করুন এবং ভালভাবে কষান। প্রয়োজনমতো নারকেলের দুধ ও লংকাগুঁড়ো দিন। এবার গরমমশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়ুন। এবার পনির যোগ করে নেড়ে নিন।
