কাশ্মীর

কাশ্মীর

শিক্ষা
Spread the love


  • সুবোধ সরকার

 

ছোটবেলা থেকে শেখানো হয়েছে বিষ

ছোটবেলা থেকে চেনানো  হয়েছে ক্ষোভ

এত সুন্দর  গোধূলি  পহেলগাঁও

তার কাছে ছিল ঘুমন্ত এক স্টোভ।

 

ক্ষোভ জমে জমে গনগনে হল ঘৃণা

ঘৃণা জমে হল বিষাক্ত টক্সিন

রক্তে তখন মারণ সেন্টিগ্রেড

মনে যারা দীন, মননেও হয় হীন।

 

কেউ কোনওদিন গোলাপ দেয়নি ওকে

কারও হাত থেকে নেয়নি কখনও ফুল

ছোটবেলা থেকে বুলেট চেনানো হল

ইনস্যাস আর রাইফেলে মশগুল।

 

স্বর্গকে তার স্বর্গ হয়নি মনে

তার বুকে ঢেউ তোলেনি পহেলগাঁও

মেয়েদের দেখে কখনও বলেনি ‘এসো

তোমরা আমাকে একটা গোলাপ দাও’।

 

সকালে বিকেলে শেখানো হয়েছে বুলি

‘তুমি বিধর্মী, আমার শত্রু তুমি’

প্রশ্ন করোনি, প্রশ্ন করোনি কেন?

মানুষ মেরে কি পবিত্র হয় ভূমি?

 

বুলেট কখনও পারে না যা পারে প্রেম।

কালাশনিকভ পৌঁছে দিয়েছে ওরা

ওপরের থেকে নির্দেশ এল রাতে

‘ঝর্ণাকে করো রক্ত মেশানো ঝোরা’।

 

প্রেমিক হলে না কেন? ভালোবাসা হল

গরম ভাতের সঙ্গে একটু নুন

যে সব প্রেমিক রাত জেগে চিঠি লেখে

তারা কোনওদিন করতে পারে না খুন।

 

রাইফেল হাতে স্বর্গে যায় না কেউ।

একবার তুমি ভালোবাসো, বলো ‘এসো’

স্বর্গ নামবে তোমার পাষান বুকে

রাইফেল ছেড়ে একবার ভালোবেসো।

 

ছাব্বিশ কেন শত ছাব্বিশ মেরে

কেউ কোনও দেশে স্বর্গে যায়নি একা।

পালাবে কোথায়, এমন শাস্তি হবে

সহ্যের শেষ পৃথিবীতে হবে দেখা।

 

তোমার ভেতরে বড় হল বিষ গাছ

বিষ গাছে পাতা হয় না, ধরে না ফুল।

উপড়ে ফেলা কি যেত না ও-গাছটাকে

কাশ্মীর নয়, এটা তাহাদের ভুল।

 

এটা তাহাদের ধর্ম ধর্ম খেলা

এটা তাহাদের ধর্মের নামে হোলি

কীসের ধর্ম? ধর্ম কি ইনস্যাস

ধর্মকে দিয়ে ধর্মকে দিলে বলি?

 

এক মুহূর্তে হানিমুনে আসা মেয়ে

এক মুহূর্তে স্বামী হয়ে গেছে লাশ

কাশ্মীর থেকে কি নিয়ে ফিরবে বাড়ি?

একটা কফিন? ফুলে ঢাকা সন্ত্রাস?

 

মেয়েটি কি করে বলবে শাশুড়ি মা-কে

মা, আমি তোমার জন্য এনেছি ফুল

ফুলে ফুলে ঢাকা তোমার ছেলের দেহ

কেন যেতে দিলে? কেন হতে দিলে ভুল?

 

চাইলেই ঢাকা থাকে না সবটা ফুলে

রজনীগন্ধা কখনও কি কম পড়ে?

রাষ্ট্রকে বলি সরাও তোমার ফুল

এরকম যেন কোথাও কেউ না মরে।

 

গুলি খেতে পারি, দিতে পারি বুক পেতে

দেশের জন্য মার খেতে পারি, মারো

কফিন টানতে টানতে চলেছে মেয়ে

‘ভারত মাতা কী জয়’ বলতেও পারো।

 

কফিন টানতে টানতে চলেছে মেয়ে

কফিনে কি তার স্বামী নাকি তার দেশ?

আজ জনরোষ ভারতবর্ষ জুড়ে

‘মারো জঙ্গিকে মেরে করে দাও শেষ?’

 

বিভাজন করে কখনও কি ভালো হয়?

হয় না হয় না, হয় ভয়াবহ ফল!

সীমান্ত দিয়ে যে দেশ বিষ পাঠায়

আমরা কি তাকে দেব সিন্ধুর জল?

 

ভারত কন্যা কফিন আনতে গেছে?

কফিন নিয়ে কি ফিরছে মেয়েরা বাড়ি?

যারা মারা গেল ধর্ম-শহিদ তারা

ইনস্যাস নিয়ে আর কি খেলতে পারি?

 

ইনস্যাস নয়, ইনসান থাক বেঁচে ।

ধর্ম-কে নিয়ে সব হবে তলে তলে?

যুযুধান দুই পক্ষের মাঝখানে

কফিন টানবে মেয়েরা চোখের জলে?

 

 

ধর্ম-কে মেরে ধর্ম যায় না মরে

ইনসানিয়াত বাঁচাবে কেমন করে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *