উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আপাতত রাজ্য জুড়ে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। আর এমন মেঘলা বা বৃষ্টির দিনে মুখের স্বাদ বদলাতে পাতের শুরুতেই পাতে পড়তে পারে টক, ঝাল ও মিষ্টি স্বাদের অনন্য চালতার ভর্তা। বাজারের ফর্দে এই ফলটির জায়গা হয়তো কালেভদ্রে হয়, কিন্তু গুণ ও স্বাদে চালতা অতুলনীয়। সহজে বানিয়ে নেওয়ার উপকরণ ও প্রণালী নিচে দেওয়া হলো:
প্রয়োজনীয় উপকরণ:
-
ছোট কাঁচা চালতা: ১টি
-
নুন: ১ টেবিল চামচ
-
ভাজা জিরে গুঁড়ো: ১ চা চামচ
-
চিলি ফ্লেক্স (বা শুকনো লঙ্কা পোড়া গুঁড়ো): ১.৫ চা চামচ
-
চিনি বা গুড়: ২ চা চামচ
-
তেঁতুল: স্বাদমতো (চাইলে কাসুন্দি ও ধনেপাতাও দেওয়া যায়)
প্রস্তুত প্রণালী: প্রথমে চালতাটি দু’ভাগ করে ভিতরের নরম অংশ ফেলে দিন। এবার ভালো করে ধুয়ে লম্বা ফালি করে কেটে নিয়ে শিলনোড়া বা হামানদিস্তায় ভালো করে থেঁতো করে নিন (মিক্সিতেও বাটা যেতে পারে)। এরপর একটি বড় পাত্রে নুন, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, চিনি বা গুড় এবং তেঁতুল একসঙ্গে নিন। ঝাল-মিষ্টির পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী বদলে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে চালতার সঙ্গে খুব ভালো করে মেখে নিলেই তৈরি জিভে জল আনা চালতার ভর্তা। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই মাখা পাতে পড়লে বাড়ির সকলে এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেবে।
