উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেক বাড়িতেই মঙ্গলবার নিরামিষ রান্না হয়। বাড়ির সকলের পাতে কি দেওয়া হবে এই ভেবে গৃহিণীদের মাথায় হাত। আপনাদের একটু চিন্তামুক্ত করতে একটা দারুণ রেসিপির সন্ধান দিই। পরিবার থেকে অতিথি কিংবা বাড়ির ছোট সদস্য সকলের মুখেই ফুটবে হাসি। একটু শাহি ছোঁয়া দিয়ে বানিয়ে ফেলুন ‘ছানার ডালনা’।
উপকরণ:
-
ছানা: ২৫০ গ্রাম (দুধ কাটিয়ে জল ঝরিয়ে নেওয়া)
-
আলু: ২ টি (ডুমো করে কাটা)
-
বাইন্ডিংয়ের জন্য: ১ টেবিল চামচ ময়দা ও সামান্য সুজি
-
মশলা বাটা: আদা বাটা (১ ইঞ্চি), কাঁচালঙ্কা বাটা।
-
গুঁড়ো মশলা: হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
-
ফোড়ন: তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি ও জিরে।
-
অন্যান্য: ঘি, গরম মশলা গুঁড়ো, নুন ও চিনি।
-
প্রণালী:
১. ছানার কোপ্তা তৈরি: প্রথমে ছানাটিকে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিন। এবার তাতে সামান্য নুন, চিনি, ময়দা ও সুজি মিশিয়ে ছোট ছোট বল বা চ্যাপ্টা আকৃতির বড়া তৈরি করুন। কড়াইতে তেল গরম করে এই বড়াগুলো সোনালি করে ভেজে তুলে রাখুন।
২. আলু ভাজা: ওই তেলের মধ্যেই সামান্য নুন-হলুদ দিয়ে ডুমো করে কাটা আলুগুলো ভালো করে ভেজে তুলে নিন।
৩. গ্রেভি তৈরি: কড়াইতে আবার অল্প তেল দিয়ে তাতে ফোড়নের মশলাগুলো দিন। সুগন্ধ বেরোলে আদা-লঙ্কা বাটা দিয়ে কষাতে থাকুন। এরপর সব গুঁড়ো মশলা অল্প জলে গুলে দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৪. রান্না: পরিমাণমতো গরম জল দিন (ছানা জল টানে, তাই একটু বেশি জল দেবেন)। আলু সেদ্ধ হয়ে এলে স্বাদমতো নুন ও চিনি দিন। ঝোল ফুটে উঠলে ভাজা ছানার বড়াগুলো দিয়ে দিন। ২ মিনিট ফুটিয়ে নিন।
৫. ফিনিশিং টাচ: নামানোর আগে ওপর থেকে এক চামচ ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। ৫ মিনিট পর পরিবেশন করুন।
টিপস: ছানা মাখার সময় খুব বেশি ময়দা দেবেন না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। হালকা হাতে মাখলে ছানার বড়াগুলো মুখে দিলেই গলে যাবে।
