উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পনির বাঙালিদের নিরামিষের দিন পাতে থাকবেই। সে পনির রসা হোক কি ভেজ পনির ডাল। নিরামিষ পনির রান্নার রেসিপি কম নেই বাংলায়। তবে একইরকম খেতে খেতে মুখে অরুচি এলে রান্না করতে পারেন মরিচ পনির(Recipe)। শিখে নিন কী ভাবে বানাবেন।
উপকরণ:
৫০০ গ্রাম পনির ছোট ছোট টুকরোয় কেটে নেওয়া, ৩ গাঁট মাপের আদার টুকরো, ৪টি কাঁচা লংকা, ১টি সবুজ ক্যাপসিকাম টুকরো করে কেটে নেওয়া, ২টি লাল লংকা টুকরো করে কেটে নেওয়া, ৩ টেবিল চামচ ধনেপাতা, ১০টি গোটা কাজু ভেজানো, ২ টেবিল চামচ তিল ভেজানো, ৪ টেবিল চামচ গোটা গোলমরিচ থেঁতো করে নেওয়া, ১টেবিল চামচ গোলমরিচের দানা, ২-৩টি লবঙ্গ, ২টি ছোট এলাচ, এক গাঁট মাপের দারচিনি, ১টি শুকনো লংকা, ১ চামচ গোটা জিরে, ১ চামচ কসুরি মেথি, ৩/৪ কাপ দই, দেড় চামচ গরমমশলা, প্রয়োজন মতো সর্ষের তেল, ১ টেবিল চামচ ঘি, স্বাদমতো নুন, সামান্য চিনি।
পদ্ধতি
কাঁচা লংকা, আদা, ভেজানো তিল, ভেজানো কাজু আর সামান্য নুন দিয়ে মিহি করে বেটে নিন। একটি পাত্রে পনিরের টুকরো গুলো ঢেলে তাতে ওই বেটে নেওয়া মশলা, দই, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চামচ গরমমশলা, কসুরি মেথি, নুন এবং চিনি দিয়ে ভাল ভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এ বার কড়াইয়ে তেল আর ঘি গরম করুন। তার মধ্যে দিন গোটা শুকনো লংকা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ এবং জিরে ফোড়ন। সুগন্ধ বেরোলে ওর মধ্যে টুকরো করে কাটা ক্যাপসিকাম গুলো দিয়ে দিন। ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে ঢেলে দিন ম্যারিনেট করে রাখা পনির। পনির মিনিট কয়েক রান্না হতে দিন। তেল ছেড়ে এলে ওর মধ্যে দিন সামান্য গরম জল। নুন মিষ্টি পরখ করে কিছুক্ষণ ফুটতে দিন, ঝোল ঘন হয়ে এলে উপরে ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, ধনেপাতা কুচি এবং লাল লংকা কুচি ছড়িয়ে সামান্য নাড়াচাড়া করে আঁচ বন্ধ করুন। তারপর পরিবেশন করুন গরম গরম মরিচ পনির(Recipe)।
