উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাজারে কাঁচা আমের জোগান ক্রমশ কমছে, বিদায় নিতে চলেছে আমের মরসুম। তবে শেষ বেলায় কাঁচা আমের স্বাদ নিতে চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু ‘কাঁচা আম ডাল ফ্রাই’। নামমাত্র উপকরণের এই পদটি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারে আদর্শ।
প্রয়োজনীয় উপকরণ:
-
১ কাপ অড়হর ডাল
-
২টি কাঁচা আম (টুকরো করা)
-
১ চা চামচ হলুদগুঁড়ো
-
২ কাপ জল
-
২ টেবিল চামচ ঘি
-
১ টেবিল চামচ জিরে
-
২টি শুকনো লঙ্কা
-
১/৪ চা চামচ হিং
-
স্বাদমতো নুন
পদ্ধতি: প্রথমে ডাল ভালো করে ধুয়ে আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর একটি প্রেশার কুকারে জল, নুন, হলুদ, ডাল এবং আঁটিসহ আমের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন। ৩-৫টি সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিন। প্রেশার কুকারের গরম ভাপ বেরিয়ে গেলে ঢাকনাটি খুলে ফেলুন।
অন্য একটি ছোট কড়াইয়ে ঘি গরম করে তাতে শুকনো লঙ্কা, জিরে ও হিংয়ের ফোড়ন দিন। এই সুগন্ধি ফোড়ন ডালের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। যদি ডালটি আরও ঘন করতে চান, তবে ঢাকনা খোলা অবস্থায় অল্প আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন। আপনার পছন্দমতো ঘনত্ব এলে নামিয়ে নিন। ধোঁয়া ওঠা গরম ভাত, আচার কিংবা কোনো ভাজার সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা কাঁচা আম ডাল ফ্রাই।
