উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্ধ্যা হলেই কিছু ভাজাভুজি খেতে মন চায়? চায়ের সঙ্গে পেঁয়াজি, আলুবড়া, সব্জির পকোড়া মাঝেমধ্যেই খাওয়া হয়। এবার স্বাদ বদলে বেছে নিন দক্ষিণী ভাজাভুজি। মেদু বড়া, ইডলি, দোসা, দইবড়া— চিরপরিচিত খাবারগুলি ছাড়াও অনেক রকম খাবার হয় দক্ষিণে। তারই মধ্যে বেছে নিন কয়েকটি। কিন্তু কি করে বানাবেন সেই খাবার? জেনে নিন রেসিপি(Recipe)
পুনুগুলু
অন্ধ্রপ্রদেশে এই খাবারটি বেশ জনপ্রিয়। রাস্তাঘাটেও পাওয়া যায়। তবে আর কিছুই নয়, এক ধরনের বড়া, দেখতে খানিকটা বাংলার তাল ফুলুরির মতো। এ জন্য এক কাপ চাল এবং ৩/৪ কাপ বিউলির ডাল অন্তত ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তার পর জল ছেঁকে সেটি মিক্সারে ঘুরিয়ে নিন। মিশ্রণটি ৭-৮ ঘণ্টা বাইরে রেখে মজিয়ে নিতে হবে। মিশ্রণটি ফেঁপে গেলে যোগ করুন কাঁচালঙ্কাকুচি, পেঁয়াজকুচি, কারিপাতা। দিন স্বাদমতো নুন। ভাল করে ফেটিয়ে ছাঁকা তেলে ছোট ছোট বড়ার মতো ভেজে নিলেই তৈরি পুনুগুলু।
ভাজাক্কাই ভাজি
দেখলে মনে হবে, তেলেভাজার দোকানের গরম বেগুনি। তবে ভাজাক্কাই তৈরি হয় কাঁচকলা দিয়ে। কাঁচকলা আয়তাকার ও পাতলা করে কেটে নিন। একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো, হিং, খাবার সোডা মিশিয়ে জল দিয়ে পাতলা করে গুলে নিন। তার পর সেই মিশ্রণে কাঁচকলা ডুবিয়ে ছাঁকা তেলে বেগুনির মতো করে ভেজে নিন। এরপর তৈরি ভাজাক্কাই ভাজি(Recipe)।
