উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের এক কাপ গরম চা হোক কিংবা দুপুরের খাবারের পাতে মুচমুচে পাঁপড় থাকলে বেশ ভালোই লাগে। তবে বাজারচলতি পাঁপড়ে ব্যবহৃত অতিরিক্ত সোডা ও রাসায়নিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই স্বাস্থ্যের কথা ভেবে ঘরেই তৈরি করে নিতে পারেন মুচমুচে ও সুস্বাদু সাবুদানার পাঁপড়। রইল এই পাঁপড় তৈরির সহজ রেসিপি (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ
সাবুদানা: ১ কাপ (ছোট বা মাঝারি দানা)
জল: ৫-৬ কাপ
জিরে: ১ চা চামচ (কাঁচা বা হালকা ভাজা)
নুন: স্বাদমতো (বিট নুন বা সাধারণ নুন)
কাঁচা লংকাকুচি
গুঁড়ো লংকা
১ টেবিল চামচ ধনেপাতাকুচি
সাদা তেল: সামান্য (প্লাস্টিকে মাখানোর জন্য)
প্রণালী:
প্রথমে সাবুদানা ভালো করে ধুয়ে ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন, যাতে দানাগুলো নরম হয়ে ফুলে ওঠে। এবার একটি পাত্রে ৫-৬ কাপ জল গরম করে তাতে ভেজানো সাবু ও নুন দিন। মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। সাবুর দানাগুলো কাচের মতো স্বচ্ছ এবং মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় জিরে দিলে পাঁপড়ের রং কালচে হতে পারে, তাই মিশ্রণটি ঈষদুষ্ণ হলে জিরে, লংকা ও ধনেপাতা কুচি মেশান।
এবার রোদে রাখা প্লাস্টিক শিট বা থালায় তেল ব্রাশ করে নিন। বড় চামচে করে সাবুর মিশ্রণ নিয়ে গোল গোল করে ছড়িয়ে দিন। কড়া রোদে ২-৩ দিন শুকিয়ে নিলেই তৈরি আপনার মুচমুচে স্বাস্থ্যকর সাবুর পাঁপড়।

