Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

Durgapur | দুর্গাপুরের সিটি সেন্টারে নামী হোটেলে তাণ্ডব! বিজেপি ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ

শিক্ষা
Spread the love


দুর্গাপুর: ভরদুপুরে দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এক নামী হোটেল চত্বরে চলল ব্যাপক তাণ্ডব। কর্মীদের মারধর, ভাঙচুর থেকে শুরু করে লক্ষাধিক টাকা ও সিসিটিভির হার্ড ডিস্ক লুটের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার বিকেলের এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে স্থানীয় বিজেপি (BJP) কর্মীদের। হামলা সামাল দিতে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়।

হোটেলের জেনারেল ম্যানেজার তুহিনশুভ্র পালের দাবি, সোমবার বিকেলে হোটেলের একটি হলে মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন কর্মীরা। সেই সময় জনা চল্লিশের একটি দল অতর্কিতে ভেতরে ঢুকে তাণ্ডব শুরু করে। বাধা দিতে গেলে হোটেলের ম্যানেজার থেকে শুরু করে সাধারণ কর্মীদের নির্বিচারে মারধর করা হয়। এমনকি মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। হামলার তীব্রতায় ম্যানেজারের কানের পর্দা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।

আক্রান্তদের বয়ান অনুযায়ী, হামলাকারীরা বারবার নিজেদের ‘বিজেপি’র লোক বলে পরিচয় দিচ্ছিল। ম্যানেজার জানান, ঘটনার সময় তিনি বিজেপি নেত্রী মণীষা মাইতিকে ফোন করলে তিনি জানান যে দল থেকে এমন কোনো নির্দেশ নেই। তবে এই হামলার নেপথ্যে হোটেলের প্রাক্তন লিজ হোল্ডার মিতা মাহাতো ও তাঁর অনুগামীদের হাত রয়েছে বলে হোটেল কর্তৃপক্ষের সরাসরি অভিযোগ। হোটেল কর্মী অর্পণ সরকার ও সুব্রত রায়ের দাবি, হামলার সময় ওই প্রাক্তন লিজ হোল্ডার নিজেই নেতৃত্বে ছিলেন।

অন্যদিকে, বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের ঘনিষ্ঠ নেতা সুমন্ত মণ্ডল জানান, ওই হোটেলের মালিকানা ও চালানোর অধিকার নিয়ে অনেক ইতিহাস আছে, তা তদন্ত করে দেখা হোক। তবে সোমবারের হামলা নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই হামলা রাজনৈতিক রেষারেষি নাকি পুরনো ব্যবসায়িক বিবাদ তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *