উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রসমালাই খেতে ভালোবাসেন না, এমন ভোজনরসিক খুঁজে পাওয়া ভার। তবে দীর্ঘ সময় ধরে দুধ ফুটিয়ে ঘন করা, ছানা কাটানো এবং তা মেখে মসৃণ করার হ্যাপার কথা ভেবে অনেকেই বাড়িতে রসমালাই বানাতে চান না। তাছাড়া ছানা তৈরির ঝামেলা আর টানা গ্যাস জ্বালিয়ে দুধ ক্ষীর করার কারণে সময় ও গ্যাসের খরচ—দুটোই বাড়ে। তবে এবার খুব সহজ এবং চটজলদি পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু মিষ্টি (Recipe)।
কোনও রকম দুধ ফোটানো বা ছানা কাটানোর ঝক্কি ছাড়াই মাত্র ১০ মিনিটে কীভাবে তৈরি করবেন কম খরচের এই রসমালাই? রইল সহজ রেসিপি।
উপকরণ: গুঁড়ো দুধ, পাউরুটি, চিনির গুঁড়ো, দুধের সর, কাঠবাদাম ও পেস্তাকুচি, সামান্য দুধ এবং কেশর।
বানানোর সহজ উপায়:
প্রথমে একটি পাত্রে ২ কাপ গুঁড়ো দুধ, ৩ টেবিল চামচ চিনির গুঁড়ো, কাঠবাদাম ও পেস্তাকুচি এবং ৪ টেবিল চামচ দুধের সর একসঙ্গে খুব ভালো করে মেখে একটি পুর বানিয়ে নিন।
এরপর সাধারণ পাউরুটির চারপাশের শক্ত ধারগুলো কেটে বাদ দিন। এবার স্লাইসগুলো সামান্য দুধে ভিজিয়ে হালকা হাতে চেপে বাড়তি দুধ ঝরিয়ে নিন। এবার পাউরুটির মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে মিষ্টির আকারে মুড়ে গোল বা চ্যাপটা গড়ন দিন।
এবার অন্য একটি পাত্রে আগে থেকে সামান্য ফুটিয়ে রাখা দুধের সঙ্গে ১ কাপ গুঁড়ো দুধ, আধ কাপ ফেটানো দুধের সর, পরিমাণমতো চিনির গুঁড়ো ও কেশর ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, এই মিশ্রণটি যেন খুব বেশি ঘন না হয়। এরপর একটি পাত্রে পাউরুটির তৈরি মিষ্টিগুলো সাজিয়ে ওপর থেকে কেশর মেশানো সুস্বাদু মালাই ঢেলে দিন। মিনিট তিনেক ভিজতে দিন যাতে পাউরুটি মালাই শুষে নেয়।
ব্যস! উপর থেকে সামান্য পেস্তাকুচি ও কেশর ছড়িয়ে দিলেই তৈরি জিভে জল আনা রসমালাই।

