উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ‘বন্দে মাতরম’-এর অবমাননার অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বন্দে মাতরম-কে অবমাননার অর্থ দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং এর রচয়িতা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবমাননা।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি যেভাবে বিরক্তি, আপত্তি ও বিরোধিতা প্রকাশ করেছেন, তা গোটা দেশ প্রত্যক্ষ করেছে। কংগ্রেস নেতারা তাঁকে বাঁচানোর জন্য যত চেষ্টাই করুন না কেন, যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং যা ভিডিও ছড়িয়েছে, তার পর সত্য ধামাচাপা দেওয়ার কোনও সুযোগ নেই।” তিনি আরও উল্লেখ করেন, ক্যামেরার সামনে সত্যিটা কখনও ঢাকা যায় না।
বর্তমান সময়ে ‘বন্দে মাতরম্’-এর সার্ধশতবর্ষ পালিত হচ্ছে। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ভারত সরকারের পক্ষ থেকে জাতীয় স্তোত্রের মর্যাদা রক্ষায় নির্দিষ্ট আইন আনা হয়েছে। পাশাপাশি, রাজ্যে সরকার ও সরকার-পোষিত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনিয়া গান্ধি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের কংগ্রেসীদের কাছ থেকে কিছু আশা করব না, কারণ এদের এ বিষয়ে কিছু বলার ক্ষমতা বা দম আছে বলে মনে হয় না। তবে বঙ্কিমচন্দ্রের পরিবারের সুমিত্র চট্টোপাধ্যায়ের লেখা চিঠির চিঠির পরিপ্রেক্ষিতে সোনিয়া গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে কী প্রতিক্রিয়া দেন, আমরা তার অপেক্ষা করব।”

