Recipe | নরম তুলতুলে বাটার গার্লিক নান এবার হাতের মুঠোয়! লোহার তাওয়াতেই বানান রেস্তরাঁর মতো

Recipe | নরম তুলতুলে বাটার গার্লিক নান এবার হাতের মুঠোয়! লোহার তাওয়াতেই বানান রেস্তরাঁর মতো

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কষা মাংস কিংবা পনির বাটার মশলার সাথে গরম গরম বাটার গার্লিক নানের জুড়ি মেলা ভার। কিন্তু তন্দুর ছাড়া বাড়িতে ঠিক রেস্তরাঁর মতো নরম ও সুস্বাদু নান তৈরি করা অনেকের কাছেই এক বড় চ্যালেঞ্জ। তবে বিশেষ কিছু কৌশলের মাধ্যমে সাধারণ লোহার চাটুতেই এখন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা বাটার গার্লিক নান।

উপকরণ: এই নান তৈরির জন্য প্রয়োজন ২ কাপ ময়দা, ১ চা চামচ চিনি, আধ চা চামচ নুন, আধ চা চামচ বেকিং পাউডার, ১/৪ চা চামচ বেকিং সোডা, ১/৪ কাপ টক দই, ২ টেবিল চামচ সাদা তেল ও পরিমাণমতো ঈষদুষ্ণ জল। গার্লিক বাটারের জন্য লাগবে ৩ টেবিল চামচ গলানো মাখন, ২ টেবিল চামচ রসুনকুচি, ২ টেবিল চামচ ধনেপাতাকুচি এবং ১ টেবিল চামচ কালোজিরে।

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বড় পাত্রে ময়দা, চিনি, নুন, বেকিং পাউডার ও সোডা মিশিয়ে নিন। এরপর এতে টক দই ও তেল দিয়ে ভালো করে ময়ান দিন। ঈষদুষ্ণ জল দিয়ে একটি নরম ও মসৃণ মণ্ড তৈরি করে ১ থেকে ২ ঘণ্টা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন, যাতে ময়দা ফুলে ওঠে।

ময়দা মাখা হয়ে গেলে মাঝারি আকারের লেচি কেটে ডিম্বাকৃতি বা গোল করে বেলে নিন। নানের এক পিঠে রসুনকুচি, ধনেপাতা ও কালোজিরে ছড়িয়ে হালকা চাপে বসিয়ে দিন। এবার নানের উল্টো পিঠে ভালো করে জল লাগিয়ে নিন।

সেঁকার কৌশল: সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নানের সেঁকা। নন-স্টিক তাওয়া এড়িয়ে লোহার চাটু উচ্চ তাপে ভালো করে গরম করে নিন। জল লাগানো দিকটি তাওয়ার ওপর বসিয়ে দিন। মিনিটখানেক পর নানটি ফুলে উঠলে সাঁড়াশি দিয়ে তাওয়াটি সরাসরি আগুনের ওপর উল্টে ধরুন। এতে নানের ওপর রেস্তরাঁর মতো বাদামি বা পোড়া দাগ আসবে। নামিয়ে গরম থাকতেই ওপরে তৈরি করে রাখা গার্লিক বাটার ব্রাশ করে পরিবেশন করুন।

বাড়িতে এই পদ্ধতিতে নান বানালে তা যেমন নরম থাকবে, তেমনই স্বাদে টেক্কা দেবে নামী রেস্তরাঁকেও। চিকেন কষা বা ডাল মাখানির সাথে এই গরম নান নিমেষেই জমে যাবে আহার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *