উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংঘাত চলছে গান্ধি পরিবারের দুই সদস্য রাহুল গান্ধি (Rahul Gandhi) ও প্রিয়াংকা গান্ধি বঢরার (Priyanka Gandhi Vadra) মধ্যে। এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা রভনীত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। রভনীতের দাবি, সংসদে প্রিয়াংকার সঙ্গে নিজের তুলনা মেনে নিতে পারছেন না রাহুল। সে কারণেই সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাহুল জার্মানি চলে গিয়েছেন।
বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘দুই গান্ধির মধ্যে লড়াই চলছে। আমি জানতে পেরেছি যে কংগ্রেসের বহু নেতা সংসদে রাহুল গান্ধি এবং প্রিয়াংকা গান্ধির ভাষণের তুলনা করেছেন। আর এতেই রাহুল ক্ষুব্ধ হয়েছেন। তাই তিনি সংসদে অধিবেশনের মাঝপথেই চলে গিয়েছেন জার্মানিতে।’ যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই চাঞ্চল্যকর দাবি নিয়ে এখনও কোনও কংগ্রেস নেতা প্রতিক্রিয়া জানাননি।
তবে গান্ধি পরিবারের দুই সন্তান রাহুল ও প্রিয়াংকার মধ্যে সুসম্পর্ক রয়েছে বলেই শোনা যায়। রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনেও একে অপরকে সমর্থন করেন তাঁরা। এর আগে রাহুলের জার্মানি সফর নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন তাঁর হয়ে বিরোধীদের কড়া জবাব দিয়েছিলেন প্রিয়াংকা। সংসদে বন্দে মাতরম নিয়ে বিতর্কে প্রিয়াংকার ভাষণের প্রশংসাও করেছিলেন রাহুল। যদিও এর আগে গান্ধি পরিবারের অন্দরে সংঘাতের দাবি একাধিকবার করা হয়েছে বিজেপির তরফে। তবে এবার প্রাক্তন কংগ্রেস নেতার এমন দাবিতে এনিয়ে জল্পনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। এই রভনীত একটা সময়ে সক্রিয় কংগ্রেস নেতা ছিলেন। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।
