উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Meeting Election 2026) রণডঙ্কা বেজে উঠতেই বাংলার রাজনৈতিক মহলে প্রচারের নয়া নয়া কৌশল সামনে আসছে। কেউ রুটি বেলছেন, কেউ ঘুঁটে শুঁকোচ্ছেন, আবার কেউ ভোটারের হেঁসেলে ঢুকে খুন্তি নাড়ছেন। জনসংযোগের এই অভিনব তালিকার সর্বশেষ সংযোজন হলেন কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি (TMC Candidate Ramjiban Mandi)। বুধবার সকালে গাড়ি বা মিছিল নয়, জগিং কস্টিউম পরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দৌড়ে দাঁতনের ঘোলাই মাঠে জনসভায় পৌঁছলেন তিনি।
৫৫ বছর বয়সী রামজীবন মান্ডি পেশায় একজন শিক্ষক এবং দীর্ঘদিন ধরে খেলাধুলোর সঙ্গে যুক্ত। গত মাসেই একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকেই এবার নির্বাচনের হাতিয়ার করলেন এই প্রার্থী। বুধবার সকাল ৭টায় দাঁতন ১ নম্বর ব্লকের মনোহরপুর থেকে দৌড় শুরু করেন তিনি। তাঁর পিছনে ছিল এক বিশাল বাইক-বহর এবং দলে দলে কর্মী-সমর্থক।
রামজীবন মান্ডি জানান, “সকাল সকাল শরীরচর্চাও হল, আবার জাতীয় সড়ক ধরে দৌড়তে দৌড়তে মানুষের সঙ্গে দেখাও হল।” তৃণমূল এবার কেশিয়াড়িতে দু’বারের জয়ী বিধায়ক পরেশ মুর্মুকে সরিয়ে রামজীবন মান্ডিকে প্রার্থী করেছে। তাঁর এই ‘ফিটনেস-প্রচার’ জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এদিনই এই কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) কর্মসূচি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরে কর্মিসভা করেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী রেয়াপাড়ায় সভা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূলকে ৬০ হাজার ভোটের ব্যবধানে জয়ী করার লক্ষ্য ঠিক করেছেন এবং মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন।
উল্লেখ্য, নির্বাচনী উত্তাপ যত বাড়ছে, ততই অভিনব প্রচারের ঝলক বাড়ছে। দৌড়ে সভা, রান্নায় হাত, নাচ বা খেলায় যোগ— সব দলের প্রার্থীরাই এখন মানুষের সঙ্গে সংযোগ গড়তে নতুন নতুন পথ খুঁজছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণা হবে ৪ মে।
