উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ (Ramayana) ছবিকে ঘিরে সিনেমাপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এবার মুক্তির আগেই এই ছবি নিয়ে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবমীর রাতে ছবির প্রচারে ছবির দুই মূল আকর্ষণ রণবীর কপূর (Ranbir Kapoor)ও যশ (Yash) সোজা হাজির হন কলকাতায়। সল্টলেকের সেন্ট্রাল পার্কে দশেরার একটি জমজমাট অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, বাংলায় সম্পূর্ণ করমুক্ত করা হচ্ছে এই মেগা বাজেট ছবিটি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী জানান, এর আগে বেশ কিছু বিশেষ ছবিকে করমুক্ত করা হয়েছিল এবং সেই পথ অনুসরণ করেই ‘রামায়ণ’ ছবির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে ভারতীয় পুরাণ ও মহাকাব্যভিত্তিক আরও সিনেমা তৈরির ব্যাপারে আশা ব্যক্ত করে তিনি বলেন যে, ভবিষ্যতে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ‘মহাভারত’ নিয়েও বড় পরিসরে ছবি তৈরি হতে দেখা যাবে।
কলকাতার এই জমজমাট অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত অভিনেতা রণবীর কপূরও। কলকাতার পবিত্র মাটিতে দাঁড়িয়ে উপস্থিত দর্শকদের দশেরার শুভেচ্ছা জানিয়ে অভিনেতা বলেন, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় সর্বদা সত্য এবং ভালরই হয়। তাই সবসময় সত্যের পথে চলার আহ্বান জানিয়ে তিনি ভক্তদের উদ্দেশ্যে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন।
অন্যদিকে, ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করা দক্ষিণী তারকা যশের সঙ্গে কলকাতার সম্পর্ক বেশ পুরোনো। শহরের মাটিতে পা রেখে নিজের নস্টালজিয়া ভাগ করে নিয়ে তিনি জানান, বহু বছর আগে ২০০৪ বা ২০০৫ সালে তিনি শেষবার ট্রেনে করে এই শহরে এসেছিলেন এবং তাঁর নাটকের কেরিয়ারের শুরুটাও হয়েছিল কলকাতা থেকেই। শহরের মিষ্টি এবং সেই পুরোনো দিনগুলির স্মৃতি এখনও তাঁর মনে তরতাজা রয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম—এই পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’ ছবির প্রথম পর্ব। আর ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের দীপাবলিতে।
