উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতিরক্ষা সচিব পদে রাজেশ কুমার সিংয়ের (Rajesh Kumar Singh) মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করল কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (ACC)। চলতি বছরের ৩১ অক্টোবর তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, নতুন নির্দেশিকা অনুযায়ী তিনি এখন ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পদে বহাল থাকবেন।
চলতি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার—যেমন থিয়েটার কমান্ড গঠন, প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নতুন কৌশলগত নীতিমালা বাস্তবায়নের প্রক্রিয়ার মাঝেই এই মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল।
কেরল ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইএএস (IAS) অফিসার রাজেশ কুমার সিং গত ২০২৪ সালের ১ নভেম্বর গিরিধর আরামনের স্থলাভিষিক্ত হয়ে প্রতিরক্ষা সচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি বাণিজ্য ও শিল্প মন্ত্রকের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIIT)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় সরকারের পশুসম্পদ ও ডেয়ারিং বিভাগ এবং কেরল সরকারের অর্থ ও নগরোন্নয়ন সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন।
The publish Rajesh Kumar Singh | প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের মেয়াদ বাড়ল এক বছর, ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত থাকছেন পদে! appeared first on Uttarbanga Sambad.
