উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : রাজস্থানের ঝুনঝুনু জেলায় রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৮ জন নির্মাণকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জেলার কালেক্টর অরুণ গর্গ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝুনঝুনু জেলার কদম কুন্ডের কাছে ছাপোলি গ্রামে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই কাজে একটি সড়ক নির্মাণকারী যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। আচমকাই যন্ত্রটি রাস্তার উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। এর জেরেই যন্ত্রে থাকা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান প্রশাসন ও পুলিশ আধিকারিকরা। জেলার কালেক্টর অরুণ গর্গ জানিয়েছেন, আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
অরুণ গর্গ বলেন, ”আমরা টেলিফোনে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছিলাম। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা রাস্তাটি নির্মাণের কাজ করছিলেন এবং সেই কাজে ব্যবহৃত যন্ত্রটি উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসে।”
এই ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা গভীর শোক প্রকাশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহেলটও ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
The put up Rajasthan | রাস্তা নির্মাণের সময় ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে তড়িদাহত হয়ে মৃত ৮ শ্রমিক appeared first on Uttarbanga Sambad.
