রায়গঞ্জ: ২৪ ঘণ্টার মধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Raiganj) ৬ জন নাবালিকা মায়ের সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সন্ধ্যায় ওই ছয় নাবালিকা মায়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাসপাতালের সহকারী সুপার। অভিযোগের ভিত্তিতে পকসো (POCSO) আইনে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তান প্রসব করা ওই ছয় নাবালিকা মায়ের বাড়ি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের মধ্যে একজনের বাড়ি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের হরিগ্রামে, দ্বিতীয় জনের বাড়ি ইটাহার থানার কমলাই গ্রামে, তৃতীয় জনের বাড়ি রায়গঞ্জ থানার ভিটিয়ার গ্রামে, চতুর্থ জনের বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই গ্রামে, পঞ্চম জনের বাড়ি করণদিঘী থানার রাঘবপুর গ্রামে এবং ষষ্ঠ জনের বাড়ি করণদিঘী থানার আলতাপুর গ্রামে।
রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি (MSVP) প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, বুধবার ৬ জন নবজাতকের ওই নাবালিকা মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে রায়গঞ্জ থানায়। সমস্ত বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করছে। অন্যদিকে, রায়গঞ্জ থানার আইসি সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে পুলিশি ঝামেলা বা আইনি পদক্ষেপ এড়াতে নাবালিকা মায়েদের পরিবার বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে সন্তান প্রসবের চেষ্টা করছে। তবে হাসপাতালের এক আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, নাবালিকা মায়েরা যেখানেই ভর্তি হোন না কেন, পরবর্তীতে বাচ্চার আধার কার্ড বা জন্ম শংসাপত্র (Beginning Certificates) তৈরির সময় এই বিষয়গুলি প্রকাশ্যে চলে আসবে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এড়ানো সম্ভব নয়।

